খুলনায় ইমাম পরিষদের বিক্ষোভ শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রতিবাদ
ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, মসজিদে অগ্নিসংযোগ এবং পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশবিরোধী উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে নগরীর ডাকবাংলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় পরিস্থিতির দায়ভার মুসলমানদের ওপর বর্তাবে না বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বক্তারা জাতীয় সংসদে শুভেন্দু অধিকারীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এ বিষয়ে প্রতিবাদ প্রস্তাব গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা অভিযোগ করেন, এ ঘটনায় সরকার নীরব থাকলে সেটি মুসলিম বিদ্বেষমূলক অবস্থানের প্রতি সমর্থন হিসেবে বিবেচিত হতে পারে।
বিক্ষোভ মিছিলটি ডাকবাংলা মোড় থেকে শুরু হয়ে নিউ মার্কেটসংলগ্ন বায়তুন নূর মসজিদ কমপ্লেক্স এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা নূর সাঈদ জালালী, মাওলানা হেকমত আলী, শেখ মো. নাছির উদ্দিন ও মাওলানা আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন